জিতেও বিদায় লাৎসিওর, হেরেও ফাইনালে জুভেন্টাস
কোপা ইতালিয়ার সেমিফাইনালের দ্বিতীয় লেগে জিতেও বিদায় নিতে হলো লাৎসিওকে। অন্যদিকে, হেরেও প্রতিযোগিতার ফাইনালের টিকিট পেল জুভেন্টাস। মঙ্গলবার রাতে তুরিনের বুড়িদের বিপক্ষে ২-১ গোলে জিতেছে লাৎসিও। কিন্তু দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে থাকায় ফাইনালের টিকিট পেয়েছে জুভেন্টাস।
কোপা ইতালিয়ার ১৪বারের চ্যাম্পিয়ন জুভেন্টাস। ছবি: রয়টার্স
শেষ চারের প্রথম লেগের ম্যাচে তুরিন স্টেডিয়ামে গিয়ে ২-০ গোলে হেরেছিল লাৎসিও। ফিরতি লেগে জুভেন্টাসের ড্র করলেই চলত। এক গোলে হারলেও সমস্যা ছিল না। শেষ পর্যন্ত ম্যাচটা হেরেই বসল তুরিনের বুড়িরা। ঘরের মাঠে দুই অর্ধের গোল দুটি করেন লাৎসিও ফরওয়ার্ড ভ্যালেন্টিন ক্যাস্টেয়ানোস।
১২ মিনিটে লিড নেয় স্বাগতিক লাৎসিও। ৪৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। দুই লেগ মিলিয়ে সেমিফাইনাল তখন ২-২ সমতা। ৮৩ মিনিটে সমতা ভাঙেন মিলিক। শেষ হয়ে যায় লাৎসিওর স্বপ্ন। সবশেষ ২০১৯ সালে এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। আর জুভেন্টাস শেষবার শিরোপার স্বাদ পায় ২০২১ সালে।
কোপা ইতালিয়ার ইতিহাসে সবচেয়ে সফল দল জুভেন্টাস। ১৪ বারের চ্যাম্পিয়ন তুরিনের বুড়িরা। দ্বিতীয় সফল দল যৌথভাবে এএস রোমা ও ইন্টার মিলান। দুটি দলই সমান নয়টি করে ট্রফি জিতেছে। লাৎসিও সাতবারের চ্যাম্পিয়ন। আগামী ১৫ মে টুর্নামেন্টের চলতি আসরের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।
রোমের ফাইনালে জুভেন্টাসের প্রতিপক্ষ আটালান্টা কিংবা ফিওরেন্টিনা। এই দল দুটি আজ রাতে সেমিফাইনালে মুখোমুখি হবে। শেষ চারের প্রথম লেগে ঘরের মাঠে ১-০ গোলে জিতেছিল ফিওরেন্টিনা। আটালান্টার মাঠে দ্বিতীয় লেগে হার ঠেকালেই চলবে তাদের। তবে জয়ের বিকল্প নেই আটালান্টার।
0 Comments