ফেসবুক-মেসেঞ্জার হঠাৎ উধাও
গণমাধ্যম কর্মী ওবায়েদ প্রায় বিশ মিনিট ধরে চেষ্টা চালাচ্ছিলেন ফেসবুকে প্রবেশের। আইডি স্বয়ংক্রিয়ভাবেই লগআউট হয়ে গেছে তার। কিন্তু বারবার লগ-ইন চেষ্টায় পাসওয়ার্ড দিয়েও কিছুতেই কিছু হচ্ছে না। ওবায়েদের মতো সারা দেশেই ফেসবুকে ঢুকতে গিয়ে সমস্যায় পড়েছেন ব্যবহারকারীরা। একই সঙ্গে বিশ্বজুড়ে ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামেও সমস্যা দেখা দিয়েছে।
কাজ করছে না ফেসবুক-মেসেঞ্জার
বাংলাদেশের ব্যবহারকারীরা জানিয়েছেন, ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা আজ মঙ্গলবার (৫ মার্চ) রাত ৯টা ২১ মিনিটের দিকে নিজেদের অ্যাকাউন্ট থেকে হঠাৎ লগ আউট হয়ে গেছেন। লগ-ইন করতে গেলে লেখা আসছে সেশন এক্সপায়ার্ড।
ব্যবহারকারীরা বলছেন, কেউই ফেসবুকে লগইন করতে পারছেন না। এমনকি মোবাইল ফোন বা ডিভাইসে সক্রিয় থাকা আইডিগুলো পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে গেছে।
এদিকে ফেসবুক কর্তৃপক্ষ এ ব্যাপারে এখনো কিছু জানায়নি। আশঙ্কা করা হচ্ছে, ফেসবুক কর্তৃপক্ষ নিজস্ব আপডেট দেওয়ার কারণে এ সমস্যা দেখা দিয়েছে।
তাছাড়া ফেসবুক বা মেটা সাইবার হামলার শিকার হয়েছে কিনা, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।
শুধু বাংলাদেশই নয়, বিশ্বের অন্তত ১৮-২০টি দেশে এমন সমস্যা দেখা দিয়েছে বলে জানা গেছে। কেবল ফেসবুকই একই সঙ্গে বিশ্বজুড়ে ফেসবুকের মেসেঞ্জার ও ইনস্টাগ্রামেও এমন সমস্যা দেখা দিয়েছে। তবে কি কারণে এ সমস্যা সেটি বলতে পারছে না কেউ।
0 Comments