স্বর্ণের দাম একলাফে কমলো ৩১৩৬ টাকা
স্বর্ণের দাম এবার একলাফে ৩ হাজার ১৩৬ টাকা কমেছে। দাম বাড়ানোর একদিনের মাথায় ফের কমানোয় এখন ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ২৯০ টাকা ।
২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন ১ লাখ ১৬ হাজার ২৯০ টাকা
দেশে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আজ মঙ্গলবার নতুন মূল্য নির্ধারণ করেছে। বাজুসের মূল্য নির্ধারণ কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেল চারটা থেকেই নতুন দাম কার্যকর হবে।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণে ৩১৩৬ টাকা কমিয়ে ১ লাখ ১৬ হাজার ২৯০ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণে ৩০০৮ টাকা কমিয়ে ১ লাখ ১০ হাজার ৯৯৫ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণে ২৫৬৫ টাকা কমিয়ে ৯৫ হাজার ১৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণে ২০৭৬ টাকা কমিয়ে ৭৬ হাজার ৫৮৫ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে।
এ নিয়ে চলতি মাস এপ্রিলেই ষষ্ঠ দফায় স্বর্ণের দাম কমালো-বাড়ালো বাজুস। চলতি মাসে ৬ এপ্রিল, ৯ এপ্রিল ও ১৮ এপ্রিল টানা তিন দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়। ১৮ এপ্রিল স্বর্ণের দাম ভরিতে ২০৬৫ টাকা বাড়ানো হয়। তাতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়ে ওঠে ১ লাখ ১৯ হাজার ৬৩৮টাকা। এটি ছিল দেশের ইতিহাসে স্বর্ণের দামের সর্বোচ্চ রেকর্ড।
টানা তিন দফায় ৪৫৬০ টাকা বাড়িয়ে ২০ এপ্রিল (শনিবার) ফের দাম কমানো হয় ৮৪০ টাকা। তাতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হয় ১ লাখ ১৮ হাজার ৭৯৮ টাকা।
এই দাম কমানোর ২৪ ঘণ্টা না পেরুতেই ২১ এপ্রিল (রবিবার) ফের ৬৩০ টাকা বাড়ানোর ঘোষণা দেয় বাজুস। তাতে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম দাঁড়ায় ১ লাখ ১৯ হাজার ৪২৭ টাকা। এবার একদিন পেরিয়ে ২৩ এপ্রিল (মঙ্গলবার) এক লাফে ২২ ক্যারেটের এক ভরিতে ৩১৩৬ টাকা কমাল বাজুস।
স্বর্ণের দাম বাড়ানো-কমানোর বিষয়ে প্রতিবারই দেশের বাজারে তেজাবি (পাকা) স্বর্ণের দাম কমা-বাড়ার কথা জানিয়ে থাকে বাজুস।
0 Comments